
নিজস্ব প্রতিবেদক
ফুলতলা (খুলনা): ‘এক দেশ, এক কিউআর—লেনদেনে বাংলা কিউআর’ স্লোগানকে সামনে রেখে ক্যাশলেস লেনদেন ও বাংলা কিউআর পেমেন্ট প্রযুক্তির ব্যবহার বাড়াতে খুলনার ফুলতলার জামিরা বাজারে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে তিন দিনব্যাপী বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) জামিরা বাজারে অস্থায়ী বুথে ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি, ফুলতলা শাখার ব্যবস্থাপক কে. এম. আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের নোয়াপাড়া শাখা, যশোরের ব্যবস্থাপক ওয়াসিফ রেজা। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী জুলফিকার আলী মোড়ল, জামিরা বাজার কমিটির সভাপতি মো. জহুরুল শেখ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, তানভির হাসান টিপুসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন উপলক্ষে বাজারের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে ক্যাম্পেইনে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের বাংলা কিউআরের সুবিধা ও ব্যবহারবিধি সম্পর্কে সচেতন করা হয়।
বক্তারা বলেন, বাংলা কিউআরের মাধ্যমে সহজে ও দ্রুত ডিজিটাল পেমেন্ট গ্রহণ করা সম্ভব। এতে ব্যবসায়ীরা সরাসরি ব্যাংক হিসাবে ২৪ ঘণ্টা লেনদেনের সুবিধা পাবেন। ক্যাম্পেইন চলাকালে বুথ থেকে ই-কেওয়াইসি (e-KYC) পদ্ধতিতে ব্যাংক হিসাব খোলা, বিনা মূল্যে তাৎক্ষণিক ডেবিট কার্ড, পাই ব্যাংকিং অ্যাপ এবং বাংলা কিউআর কোড সংগ্রহের সুবিধা রাখা হয়েছে।